কে এম ইউছুফ, চট্টগ্রাম ::
স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ মে’র আগে গণপরিবহন চালুর অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।
রবিবার (২ মে) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিবহন মালিকরা। চট্টগ্রামের আন্তঃজেলা বাস মালিক সমিতি কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। এছাড়া সারা দেশে বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিলও করেছে পরিবহণ শ্রমিকরা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন- ”আমরা মালিক ও শ্রমিকদের ৪ মে পর্যন্ত গণপরিবহন চলাচলের বিষয়ে অনুমতির জন্য অপেক্ষা করতে বলেছি। এর মধ্যে যদি মালিক-শ্রমিকরা গাড়ি চলাচল শুরু করে দেয়, তাহলে মালিক সমিতির কিছু করার থাকবে না। পেটের তাগিদে আমাদের অনুরোধ তারা নাও রাখতে পারে।”
তাই ৪ মে’র আগেই সরকারকে একটা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। তবে ৪ মে’র পরে মালিক-শ্রমিকরা রাস্তায় গাড়ি চালাতে বাধ্য হবেন।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম।
এ সময় পরিবহন মালিকরা কিছু দাবী জানান- বিনা সুদে সড়ক পরিবহন মালিক গ্রুপকে ঋণ প্রদান করা। করোনাকালীন সময়ে এক বছরের জন্য ব্যাংক ঋণ ও কিস্তির সুদ মওকুফ করণ। এছাড়া করোনা মহামারি সমাপ্ত হওয়া পর্যন্ত ডকুমেন্ট হালনাগাদ করার সময় বৃদ্ধি করার দাবী।
সংবাদ সম্মেলনে মালিকরা বলেন- লকডাউনে সব কিছু খোলা, কেবল গণপরিবহন বন্ধ। এতে করে প্রতিদিন লক্ষ লক্ষ শ্রমিক অনাহারে দিন কাটাচ্ছে। এ সময় শ্রমিকদের সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা
শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন- সড়ক শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি বাবু মৃণাল চৌধুরী,
এতে উপস্থিত ছিলেন- মালিক গ্রুপের সহ সভাপতি মো বদরুল হুদা মুরাদ, অতিরিক্ত মহাসচিব আহসান উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আবু তৈয়ব, মো মনসুর রহমান চৌধুরী, যুগ্ন সম্পাদক মো শাহজহান, সাংগঠনিক সম্পাদক মো খোরশদ আলম, প্রচার সম্পাদক আবুল বসর চৌধুরী, মো জাফর, মোরশেদুল আলম।
বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম আঞ্চলিক কমিটি) সভাপতি মোহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক অলি আহমদ ও বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ইমাম শরিফ চৌধুরী মাইজভান্ডারি প্রমূখ,