সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে নির্বাচনী গণমিছিলে অংশ নিতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে এগারো দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শহিদুল আলম বাহাদুরের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ গণমিছিল অনুষ্ঠিত হবে।
উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক ও সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে ডাকসু জিএস এস এম ফরহাদ অংশ নেবেন।
ডাকসু জিএসের আগমনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। উপজেলা পর্যায়ে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
গণমিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।