সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিজ্ঞান বিভাগ পরিচালনার অনুমতি প্রদান করে।
ঈদগাঁও দক্ষিণ মেহের ঘোনাস্থ মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর এসএসসি (দাখিল) পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগ চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রদান করা হয়। এর ফলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সুযোগ পাবে এতদঞ্চলের শিক্ষার্থীরা।
জানতে চাইলে মাদরাসার সুপার মনসুর আলম জানান, বিজ্ঞান বিভাগ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে আরও এক ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে এ মাদ্রাসা দক্ষ ও যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।