সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকায় প্রভাবশালী যুবদল নেতা মো. জয়নাল আবেদীন দিপুর নাম জড়িয়ে মাদক ব্যবসার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় একটি শক্তিশালী মাদক চক্র গড়ে ওঠে, যেখানে নিরাপদ ‘সেল্টার’ দিয়ে ব্যবসা পরিচালনা করা হতো।
সাম্প্রতিক সময়ে সোনারগাঁ থানা পুলিশ-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি গোয়ালঘর থেকে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদীন দিপুর আপন ছোট ভাই সিরাজুল (৩০), মাহস (৩০) এবং শাহজাহান (৪৮)।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, জয়নাল আবেদীন দিপু সরাসরি মাদক বিক্রিতে জড়িত না থাকলেও তার প্রভাবকে কাজে লাগিয়ে এই চক্র দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসছিল। ফলে এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্ক শনাক্তে কাজ অব্যাহত রয়েছে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত সকলের বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সচেতন মহল মনে করছে, মাদক নির্মূলে কেবল বাহক বা খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার নয়, বরং যাদের আশ্রয়ে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।