ঢাকা   ১২:১০:০০ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার
  • ৯ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকাল ৩টা ৪৫ মিনিটে ইউনিটটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। পরে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষার ফল সন্তোষজনক। পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

বিদ্যুেকন্দ্রটির নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গতকাল গ্রিডের সঙ্গে জেনারেটর যুক্ত করার আগে দুই পাশের বিদ্যুতের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিসহ প্রয়োজনীয় বৈশিষ্ট্যে সামঞ্জস্য আনা হয়। এই গ্রিড সিনক্রোনাইজেশন এবং সংযোগের পর উৎপাদন বাড়িয়ে দেখা হয়, কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করে। মঙ্গলবারের সংযোগের মধ্য দিয়ে রূপপুরের প্রথম ইউনিটে সেই পরীক্ষা শুরু হলো।

প্রথম দফায় ৮ থেকে ১০ ঘণ্টা

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জানায়, প্রথম দফায় প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এরপর কারিগরি পরীক্ষার জন্য প্রথম ইউনিটকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য আবার সংযোগ দেওয়ার কথা রয়েছে।

এই সময়সূচি প্রাথমিক দুই দফা পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ধাপগুলোতে পরীক্ষার প্রয়োজনে উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার জন্য ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখা হবে। যতক্ষণ রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যাবে, ততক্ষণ তা গ্রাহকদের চাহিদা মেটাতে কাজে লাগবে। সরবরাহে ওঠানামার সময় জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পিজিবিপি।

বাণিজ্যিক সরবরাহ কবে

রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পেলে প্রথম ইউনিটকে আবার গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’ শুরু হবে। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।

রাশিয়ান ঠিকাদার রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনাশেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। এই মেয়াদ বায়েরার অনুমোদনের পর শুরু হওয়া পরীক্ষামূলক পরিচালনা পর্বের জন্য। প্রকল্প পরিচালকের তথ্য অনুযায়ী, এই ধাপ শেষে রোসাটমের কাছ থেকে প্রথম ইউনিট প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনার দায়িত্ব নেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে নেওয়ার চেষ্টা থাকবে। এটি পরীক্ষাকালীন উৎপাদনের লক্ষ্য। কোন ধাপে উৎপাদন কতটা বাড়ানো যাবে, তা নির্ভর করবে পরীক্ষার ফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।

দুই ইউনিটের নিট ক্ষমতা ২ হাজার ১৬০ মেগাওয়াট

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। প্রতিটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট মিলিয়ে মোট ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি