https://www.dailyshamolbangla.com/
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের চর্চা ও সংসদীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ সফররত নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপিও উপস্থিত ছিলেন।
অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুড নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, ধর্ম, এশীয় ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিভাগের দক্ষিণ এশিয়া অধ্যয়ন শাখার অধ্যাপক। তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতি, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে তাঁর দীর্ঘদিনের একাডেমিক গবেষণার অভিজ্ঞতা রয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক নেতৃত্ব, গণতন্ত্র সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, কর্তৃত্ববাদ এবং স্থানীয় পর্যায়ের ক্ষমতার কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
এ ছাড়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের চর্চা, জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা, সংসদ সদস্যদের অভিজ্ঞতা এবং দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়েও আলোচনা করেন তাঁরা।
সাক্ষাৎটি বাংলাদেশ ও নরওয়ের মধ্যে একাডেমিক ও রাজনৈতিক বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া তৈরিতে এ ধরনের মতবিনিময় তাৎপর্যপূর্ণ।