https://www.dailyshamolbangla.com/
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং এলাকার সার্বিক সামাজিক উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮ টায় প্রতিষ্ঠানের স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক।
সভায় ভোরের সাথী, সত্যের কাফেলা ওয়েলফেয়ার সোসাইটিসহ এলাকার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যাংকার জনাব মোবারক হোসাইন, রওশনারা ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য জনাব গাজী শামীম, জনাব গাজী মোহাম্মদ মোরসালীনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর সদস্যরা।
সভায় বক্তারা বলেন, একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান কেবল শিক্ষার্থী গড়ে তোলার কেন্দ্র নয়; বরং একটি আদর্শ, শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নও নিবিড়ভাবে জড়িত। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় এলাকাবাসী, সামাজিক সংগঠন, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে তোলা, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এলাকার সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন, “আমরা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই না; আমরা এমন একটি আদর্শ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করতে চাই, যার সুফল পুরো এলাকাবাসী ভোগ করবে। আমাদের লক্ষ্য হলো কুরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। এ মহৎ উদ্যোগ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য এলাকাবাসী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজের কল্যাণে শিক্ষাকে একটি সম্মিলিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পারস্পরিক পরামর্শ, ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।