মোঃ সাইফুল্লাহ ॥
মাগুরায় সদর উপজেলার নন্দলালপুর গ্রামে আওয়ামী লীগে যোগদান করার দেড় মাসের মধ্যে ও সামাজিক দলাদলির জেরে জাকির হোসেন লিটন (৫২) নামে এক কৃষক খুন হয়েছে। তিনি ওই গ্রামের মুন্সি মনজুর আহমেদের একমাত্র পুত্র।
এলাকাবাসি জানায়, নন্দলালপুর গ্রামসহ পুরো হাজরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কবির হোসেন এবং সাবেক চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নানের নেতৃত্বে দুটি ভাগে বিভক্ত। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই উভয় পক্ষ অন্তত ১০ বার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার জেরে উভয় দলের দুই প্রধান ব্যক্তিই মারাত্মকভাবে প্রতিপক্ষের হামলার স্বীকার হয়েছে।
গ্রামবাসীরা জানায়, জাকির হোসেন লিটন স্থানীয় আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলামের সঙ্গে সামাজিক দলভূক্ত ছিল। শরিফুল ইসলাম সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান সমর্থিত সামাজিক দলের নেতা। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে লিটন বেশকিছু লোকজন নিয়ে তার সামাজিক দল ছেড়ে বর্তমান ইউপি চেয়ারম্যান কবির হোসেনের হাতে হাত রেখে তাঁর সাথে সক্রিয় ভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। সামাজিক দল পরিবর্তনের এ ঘটনায় ক্ষুব্ধ হয় শরিফুল ইসলাম গ্রুপ। যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে সোমবার সকালে গ্রামে স্যালো ইঞ্জিন থেকে পানি নেওয়ার ঘটনা নিয়ে শরিফুল ইসলামের সঙ্গে জাকির হোসেন লিটনের বাক বিতন্ডা- হয়। যার জের ধরেই রাতে জাকির হোসেন লিটনের উপর হামলা চালানো হয়। রাত ৯টার দিকে লিটন এলাকার অন্যান্যদের সঙ্গে গ্রামের মধ্যে একটি দোকানে বসেছিল। এ সময় তার উপর অতর্কিত হামলা চালানো হলে সে মারাত্মকভাবে জখম হয়। এ সময় বাধা দিতে গেলে ছমিরুল, মিলন এবং লিটনের স্ত্রী হেলেনা বেগমসহ আরও তিনজন আহত হয়।
এ ঘটনার পর পরই তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জাকির হোসেন লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিনের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার আমাদের প্রতিনিধিকে জানান, যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে হত্যাকা-ে জড়িতদের আটকের জন্যে অভিযান অব্যাহত আছে।
