আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুকুরসহ সব ধরনের জলাধার রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ের ক্যাম্পাসের পুকুর ভরাট করে বাণিজ্যিক ভবন নির্মাণের পায়তারার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সচেতন মহল।
জানা গেছে, গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ের ক্যাম্পাসে থাকা শতবর্ষী পুকুরটি ভরাট করে এক হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টি পারপাস হল নির্মাণের জন্য প্রায় এক বছর আগে ইজিপি টেণ্ডার আহ্বান করা হয়। এজন্য ব্যয় বরাদ্দ ধরা হয় ২০ কোটি টাকা। পানি নিষ্কাশনসহ সুষ্ঠু পরিবেশ রক্ষায় জলাধার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে অভিযোগ উঠেছে, পুকুর ভরাটের জন্য পুকুরের পাশের দোকানগুলো ভাঙার মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু লিখিত কোনো নোটিশ দেয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দোকান মালিকরা।
এব্যাপারে গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার বলেন, তিনি কয়েক মাস আগে জেলা পরিষদে যোগদান করেন। তিনি বলেন, প্রশাসনিক সব প্রক্রিয়া শেষে এখানে মাল্টি পারপাস ভবন প্রকল্প বাস্তবায়নের কাজ করা হচ্ছে।