https://www.dailyshamolbangla.com/
চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা ও সিলগালার আদেশ দেন।
অভিযানে বাজালিয়ার জমজম হোটেলের মালিক হারুনুর রশিদকে ২০ হাজার টাকা, ফুলকলির বাজালিয়া শাখার মালিক মোহাম্মদ ইসমাঈলকে ১০ হাজার টাকা, শতরূপা স্টিলের মালিক দীপক বিশ্বাসকে ১০ হাজার টাকা, রাণী ফার্নিচার মার্টের মালিক বাসু কান্তি দাশকে ১০ হাজার টাকা এবং শাহ্ মজিদিয়া রশিদিয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ তমজিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কেঁওচিয়ার মাদারবাড়ি এলাকার চিশতিয়া ফুডসের মালিক দিন ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এসব প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই অভিযানে বাজালিয়ার হলুদিয়া এলাকার রাজধানী বেকারি, ছদাহার রফিক চানাচুর ও মধুমেলা মিষ্টি মুড়ি এবং কেঁওচিয়ার মাদারবাড়ি এলাকার দয়াল বেকারি ও চিটাগাং বেকারি সিলগালা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।