সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদীতে পিতার ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে বের হওয়ার একদিন পর শাওন মিয়া (১৫) ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খ
বৃহস্পতিবার (১৮ই মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর এলাকার কামারগাঁও কবরস্থানের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাওন মিয়া নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া মহল্লার ভাড়াটিয়া হাইওর মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায়।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শহরের মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাওন মিয়া সে পড়াশোনার পাশাপাশি বাবার ইজিবাইক চালাতো।গতকাল দুপুরের খাবার শেষে বিকাল ৩টায় বাবার ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি শাওন। বিভিন্ন স্থানে খোজাখুঁজির পরও তার খোঁজ মিলেনি। পরে আজ বৃহস্পতিবার সকালে কামারগাঁও কবরস্থানের পেছনে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে নিহতের স্বজনেরা শাওনের মরদেহ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শাওনকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।