সারাদেশে সনাতনী সম্প্রদায়ের মঠ মন্দির, দেবালয়, প্রতিমা ভাংচুর, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুন্ঠন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ইসকন নোয়াখালী মন্দিরে সাধু-সন্ন্যাসীদের হত্যাসহ দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির উত্তরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধার সমাবেশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নগরীর নন্দনকানন চত্বরে এ মহাসমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), চট্টগ্রাম বিভাগীয় কমিটি। লাখো জনতার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে নন্দনকানন, ডিসি হিল প্রাঙ্গন, বৌদ্ধবিহার সড়ক, তুলসীধাম সড়কসহ বিভিন্ন সড়ক। মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। দুপুর ১২ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মুল অনুষ্ঠানমালা শুরু হয়। মহাসমাবেশে মহাআর্শিবাদক ছিলেন শংকর মঠ ও মিশনের আচার্য শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ, শ্রী শ্রী তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদ্বীপ মিত্র পুরী মহারাজ, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিন বোধি ভিক্ষু, পাথরঘাটা ক্যাথলিক চার্চের ফাদার মিস্টার লেনার্ড। ইসকন সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ও সাংবাদিক বিপ্লব পার্থের সঞ্চালনায় মহাসমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনুপম সেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. রানা দাশগুপ্ত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মহানগর সভাপতি ডা.শাহাদাত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)র ইন্দু নন্দন দত্তসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সসম্প্রতির মহাসমাবেশে পরিনত হয়েছে। সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে হলে বঙ্গবন্ধুর দেওয়া ৭২’র সংবিধান ফিরিয়ে আনতে হবে। সাম্প্রদায়িক হামলায় জড়িত, হামলাকারী ও উসকানিদাতাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আমরা মাঠে আছি মাঠে থাকব। মাঠ ছেড়ে কোথাও পালিয়ে যাব না। বিএনপির মহানগর সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং সকলে মিলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি। সমাবেশ শেষে একটি শান্তিপুর্ন পদযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাপ্ত হয়। সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা হতে পাঁচ শতাধিক সংগঠন যোগদান করেন।