এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মোঃ ইউনুছ (১৯)। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোর কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় জসিমের দোকানে ইউনুসের সাথে একই এলাকার রামিম (২৩) নামের যুবকের তর্কের সৃষ্টি হয়। অজ্ঞাত কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডা যখন চরমে পৌঁছায়, তখন রামিম তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ইউনুসের গলা, পেট ও হাতে আঘাত করে। ইউনুসের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত রামিম দ্রুত পালিয়ে যায়।
ইউনুসের চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি ইউনুস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রামিমকে ধরার আগেই সে এলাকা ছেড়ে পালায় বলে জানিয়েছেন জনৈক প্রত্যক্ষদর্শী।
আহত ইউনুসকে স্বজনরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ইউনুসের পেট-গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। মোঃ ইউনুস বর্নিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের হাজী ইলিয়াসের পুত্র। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।