চট্টগ্রামের বাঁশখালীর ৭ নম্বর সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আকতার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উত্থাপিত অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
রোববার (১২ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত ৯ এপ্রিল প্রকাশিত ভিডিওতে ফৌজুল কবির সড়ক আরসিসি করণ প্রকল্পে ৩ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
পোস্টে রোকসানা আকতার উল্লেখ করেন, প্রকল্পের প্রথম কিস্তির অর্থ উত্তোলন করা হয়েছে—এটি সত্য হলেও পুরো প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে—এমন অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, ‘যে সড়কের কাজ এখনো শুরু হয়নি, তার শেষ হওয়ার প্রশ্নই আসে না।’ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও দাবি করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান এবং সঠিক তথ্য জানতে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান করেন।
এছাড়া, ইউনিয়নবাসীর প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে প্যানেল চেয়ারম্যান বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।