চট্টগ্রামের হাটহাজারীতে আপন চাচার কাছ থেকে টাকার বিনিময়ে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) মূলে জমি নিয়ে এখন চরম জীবনাশঙ্কায় ভুগছেন ভাতিজা। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় হাটহাজারীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ভাতিজা মো. তৈয়ব।
হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন ১নং ওয়ার্ড রুহুল্লাপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ৩য় পুত্র মোঃ তৈয়ব লিখিত বক্তব্যে বলেন, বিবাদী নুরুল আলম সম্পর্কে তার চাচা। পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রয়ের প্রস্তাব করলে তৈয়ব ও তার ছোট বোনের স্বামী ওমান প্রবাসী ইয়াছিনের মাধ্যমে করোনাকালীন সময় ২০২০ সাল হতে নিয়ে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ধাপে ও ভিন্ন ভিন্ন সময়ে ব্যাংক একাউন্টে ও অন্যান্য মাধ্যমে তাকে দরদাম পরবর্তী নির্ধারিত মূল্য ১০ লক্ষ টাকা প্রদান করেন। এরই প্রেক্ষিতে চাচা নুরুল আলম তাকে উক্ত সম্পত্তি দেখাশোনা ও শাসনের জন্য সম্পূর্ণ স্বেচ্ছায় আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) প্রদান করেন। সেই মূলে তিনি এই জায়গা হতে কিছু অংশ বিক্রয়ও করেন, যার ক্রেতার নামে নামজারি খতিয়ানও হয়।
পরবর্তীতে চাচা স্থানীয় কিছু কুচক্রী মহলের প্ররোচনা ও প্রলোভনের ফাঁদে পড়ে দীর্ঘ ১৩ মাস পরে এসে তিনি তা অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, পাওয়ার অব অ্যাটর্নির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তিনি ভাতিজা তৈয়বের বিরুদ্ধে এলাকায় নানামুখী অপপ্রচার ও মানহানিকর বক্তব্য ছড়িয়ে বেড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে তৈয়ব আরও অভিযোগ করেন, সম্পত্তি দখল ছাড়তে চাচা ও তার ভাড়াটে সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এই বিষয়ে হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন তৈয়ব। ভুক্তভোগী পরিবার অনতিবিলম্বে প্রশাসনের কাছে তাদের জানমালের নিরাপত্তা ও কুচক্রী মহলের হাত থেকে রেহাই পেতে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।