ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ইপিআই টেকনোলজিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ২০টি ইউনিয়নের ৪৮০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, ইউনিয়ন সাব-সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার মোট জনসংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। এ ক্যাম্পেইনে উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫ হাজার ৫২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আইইউ) খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া এটি ডায়রিয়ার ব্যাপ্তিকাল কমায়, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান সকল অভিভাবককে তাদের নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।