বন্যাদুর্গত ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ হিলমিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে আশ-শেফা হাসপাতাল (প্রা.) লিমিটেড।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এবং আশ-শেফা হাসপাতাল (প্রা.) লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে আশ-শেফা হাসপাতাল নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে।
আয়োজক সূত্রে জানা যায়, এটি ছিল আশ-শেফা হাসপাতালের ৪র্থ ফ্রি চিকিৎসা ক্যাম্প ও জরুরি ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচি। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।
এসময় স্থানীয় উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সম্পাদক আয়ুব আলী, ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, মোহাম্মদ কামরুজ্জামান, ডা. আয়ুব, মোহাম্মদ মিজান, মাস্টার আবছার, আবদুর রহমান, মোহাম্মদ সেলিম, শওকত আলীসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ক্যাম্পে শতাধিক বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন বলে আয়োজকরা জানিয়েছেন।