চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম মেখলে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে হ্নদয়বিদারক এই ঘটনা ঘটে। নিহত আজম (৩৮) হাটহাজারী মেখল ইউনিয়ন ৯নং ওয়ার্ড খলিফাপাড়া মোহাম্মদ ইসমাইলের পুত্র। নিহতের নাবালক দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
ইউপি সদস্য নেজাম উদ্দিন বলেন, আজম সকালে মাছ ধরতে বাড়ির পার্শ্ববর্তী বিলে যান, সাথে তার মেয়েও ছিলো। কার কার সাথে নাকি আজমের কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আজমকে আঘাত করে এবং কুপিয়ে পালিয়ে যায়।
মেয়ে ও তার আর্তচিৎকারে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মোহাম্মদ তারেক আজিজ বলেন, নিহত আজম পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলো, খুনিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ”
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, স্থানীয় ডাকাত দিদারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে’ বলে জানিয়েছেন লোকজন, দিদার ৮টি মামলার আসামী। খুনিদের আটকে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে”
হাটহাজারী মাদরাসা সম্মুখস্থ জেলাপরিষদ মার্কেটে মৃত আজমের দর্জি কাজের দোকান ছিলো, পরবর্তীতে তিনি বাড়িতেই দর্জি কাজ করতেন। তবে অনেকের নিকট পুলিশের সোর্স হিসেবে তার পরিচিতি ছিলো।