নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভূরিভোজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মাঝে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সফিউল্যাহর বাড়িতে একটি ভূরিভোজের আয়োজন করা হয়। সেখানে ইউএনও কায়েসুর রহমান উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে বিগত সরকারের সময়কার বিতর্কিত ও নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতার সঙ্গে তাকে আড্ডা দিতে দেখা যায়।
যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী এবং স্থানীয় যুবলীগ সভাপতি রাসেল ও ফাহাদ হোসেন। যুবলীগ নেতা ফাহাদ হোসেন নিজেই এই আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এভাবে সময় কাটানো অত্যন্ত দুঃখজনক। এর আগে বুয়েট শিক্ষার্থী থাকাকালীন তার ছাত্ররাজনীতি নিয়ে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এছাড়াও সম্প্রতি চৌমুহনী পৌরসভার একটি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় এক রাজনৈতিক নেতার স্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকরভাবে মা সম্বোধন করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ঠিকাদার ও সাধারণ মানুষের অভিযোগ, ইউএনও কায়েসুর রহমান বেগমগঞ্জে যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। সিসি ক্যামেরা স্থাপন, বাইসাইকেল বিতরণ এবং ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মতো বিভিন্ন ক্রয় ও উন্নয়ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ঠিকাদারদের বিল পাস করার সময় তিনি নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন খাত থেকে অতিরিক্ত কমিশন আদায় করছেন বলেও অভিযোগ উঠেছে।
সম্প্রতি সেনবাগ থানার ওসির আওয়ামী নেতাদের সাথে বুড়ি ভোজের ঘটনায় প্রত্যাহারের বিষয়টি সমানে আসার পর বেগমগঞ্জ এই কর্মকর্তার বিরুদ্ধেও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকায় ফ্যাসিবাদের দোসররা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এর আগে তাকে নিয়ে আরটিভিতে “নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা এখন ইউএনও শিরোনাম ” একটি প্রতিবেদন প্রকাশ পায় সেই প্রতিবেদনে দেখা যায় বুয়েটে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত মো. কায়েসুর রহমান পদায়ন পেয়েছেন বেগমগঞ্জ উপজেলায়।