বাসের ইউটার্নে বাড়ছে যানজট টমছম ব্রিজ পানি উন্নয়ন বোর্ডের সামনে রয়েছে ইউটার্ন
কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা টমছম ব্রিজ। পদুয়ার বাজার বিশ্বরোড থেকে টমছম ব্রিজ হয়ে কান্দিরপাড়। টমছম ব্রিজ হয়ে কোটবাড়ি ও মেডিকেল কলেজ সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ব্যস্ত এই এলাকায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।
এতে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।
টমছম ব্রিজ পানি উন্নয়ন বোর্ডের সামনে রয়েছে ইউটার্ন। যানজট নিরসনে টমছম ব্রিজ এলাকার কাঁচাবাজার সম্প্রতি উচ্ছেদ করে কুমিল্লা সিটি করপোরেশন। তবে বাজার উচ্ছেদের পরও যানজটের চিত্রে তেমন পরিবর্তন আসেনি। সরেজমিন দেখা গেছে, যানজটের পেছনে অবৈধ ও অনিয়ন্ত্রিত ইউটার্ন ব্যবহার, সড়কের ওপর অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা এবং উল্টো পথে যান চলাচল অন্যতম কারণ।
টমছম ব্রিজ পানি উন্নয়ন বোর্ডের সামনে রয়েছে একটি ছোট ইউটার্ন। বিভিন্ন স্থান থেকে আসা কয়েকটি যাত্রীবাহী বাস এই ইউটার্ন ব্যবহার করে ঘুরছে। অথচ বাস ঘোরানোর জন্য ইউটার্নটিতে পর্যাপ্ত জায়গা নেই। এতে একটি বাস ঘোরাতে গিয়ে চালককে একাধিকবার সামনে-পেছনে করতে হয়।
এতে সড়কের বড় একটি অংশ আটকে গিয়ে তৈরি হয় যানজট। সড়ক ও জনপথ বিভাগ বলছে, পানি উন্নয়ন বোর্ডের সামনে থাকা ইউটার্নটি বাসের জন্য তৈরি করা হয়নি। এটি মূলত সিএনজি, অটোরিকশা ও থ্রি-হুইলার জাতীয় ছোট যানবাহনের জন্য তৈরি করা হয়েছে। জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা ও বাস ঘোরানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকলেও অনেক বাস সেখানে না গিয়ে পানি উন্নয়ন বোর্ডের সামনে যাত্রী ওঠানামা করাচ্ছে এবং ছোট ইউটার্ন ব্যবহার করছে। কয়েকজন পথচারী ও যাত্রীর সাথে কথা বললে তাঁরা জানান, টমছম ব্রিজে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এখানে এসে বাস ইউটার্ন নেয়, অটোরিকশা সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। আবার উল্টো দিকেও অটোরিকশা চলাচল করে। এসব কারণেই যানজট সৃষ্টি হয়। আমাদের ভোগান্তি পোহাতে হয়।
শাকতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জসিম উদ্দিন বলেন, টমছম ব্রিজ কোটবাড়ি ও মেডিকেল সড়ক ডবল লেন হলেও লাকসাম রোড ডিভাইডার দিয়ে দুই লেনে বিভক্ত করা হয়েছে। এক লেনে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়। এদিকে আশরাফপুর মাজার-টমছম ব্রিজের ৪০ ফুট সড়ক বন্ধ করে মার্কেট নির্মাণ করায় ইয়াছিন মার্কেটের যানবাহনগুলো ব্যক্তি মালিকানাধীন ৮ ফুট সড়ক দিয়ে চলাচল করে। কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর গোলাম সরোয়ার বলেন, টমছম ব্রিজের পানি উন্নয়ন বোর্ডের সামনের ইউটার্নটি যাত্রীবাহী বাস ব্যবহার করার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।