সাংগঠনিক মিথ্যা পরিচয় এবং দলের নাম ভাঙ্গিয়ে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করার অপচেষ্টার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মো. মোমিনুল হক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাটহাজারী উপজেলার আওতাধীন দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আহ্বায়ক।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আসিফ মিজান প্রতিবেদক’কে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, দলের নীতি-আদর্শ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মোমিনুল হককে সংগঠনের পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফোরকান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন তালুকদার এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য গতকাল ‘ভুল ইন্জেকশন পুশ করায়’ এক শিশু মৃত্যুর অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চৌধুরীহাট নার্সিংহোমে নিউজ সংগ্রহে গেলে কয়েক গণমাধ্যমকর্মীকে নিজের রাজনৈতিক পরিচয় উল্লেখ করে হুমকি এবং নিউজে বাঁধা দেন মোমিনুল। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, পরে তার বিষয়ে এই সিদ্ধান্ত নেয় উপজেলা স্বেচ্ছাসেবক দল।