https://www.dailyshamolbangla.com/
সাজেক ভ্যালী পর্যটকদের জন্য উন্মুক্ত করা, পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিসিএনপির চেয়ারম্যান আবদুল হামিদ রানা।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন মহাসচিব আলমগীর কবির। এ সময় বক্তব্য রাখেন পিসিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনির ও পাইশিখই মারমা, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় নেতা মো. শাহিন আলম ও মো. আসাদুজ্জামান এবং খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন মাহিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা, দীর্ঘদিনের অবরোধ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালীর পর্যটনশিল্প ধ্বংসের মুখে পড়েছে। পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় সাজেকের শতাধিক রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আর্থিক ও সামাজিকভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। পরিবহন চলাচল, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহেও বিঘ্ন ঘটছে।
বক্তারা বলেন, সাজেকের পর্যটনশিল্প ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় জরুরি ভিত্তিতে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক করতে হবে। অবিলম্বে সাজেক ভ্যালী উন্মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে শান্তিচুক্তির সময় প্রত্যাহার করা ১১৯টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান। একই সঙ্গে পাহাড়ে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে সাজেক ভ্যালী খুলে দেওয়া, পর্যটনশিল্পের সুরক্ষা, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।