https://www.dailyshamolbangla.com/
নোয়াখালীর হাতিয়া উপজেলা কৃষি অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাতিয়া উপজেলা জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে হাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফয়জুল ইসলাম তারীফ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল দুপুরে তমরদ্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বীজ বণ্টনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড সভাপতি ফয়েজ আহমদ মুন্নার নেতৃত্বে ৮ জন ওয়ার্ড সভাপতি কৃষি প্রণোদনার আওতায় খেসারি বীজ বিতরণসংক্রান্ত তথ্য জানতে ও বাদ পড়া প্রকৃত কৃষকদের তালিকা জমা দিতে উপজেলা কৃষি অফিসে যান।
সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তথ্য দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনকে ফোনে ডেকে আনা হলে তিনিও তথ্য দানে অপারগতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কথা-কাটাকাটির একপর্যায়ে যুবদল নেতা নামধারী সন্ত্রাসী ইসমাইল, আজাদ ও রিয়াজের নেতৃত্বে আনুমানিক ৪০–৫০ জন সন্ত্রাসী কৃষি অফিসে উপস্থিত হয়ে জামায়াতের নেতাকর্মীদের অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে অফিস থেকে জোরপূর্বক বের করে দেন। এতে জামায়াতের ৮ জন নেতাকর্মী আহত হন এবং তাদের রক্ষা করতে গিয়ে জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম লিটনও হামলার শিকার হয়ে আহত হন।
সংবাদ সম্মেলনে তারা ৫ দফা দাবী তুলে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপজেলা যুবদল নেতা ইসমাইল, আজাদ ও রিয়াজসহ হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে এবং নির্বিঘ্নে সেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করতে হবে।