কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের ১২ ঘণ্টার মধ্যে পল্লব দে নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ঈদগাঁও নদীস্থ ছাতিপাড়া এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পল্লব দে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বঙ্কিম বাজার এলাকার বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পল্লব দে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে ছাতিপাড়া এলাকায় ঈদগাঁও নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।