টানা ভারী বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে থাকায় অনেক পরিবারের রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সদর-রামু ঈদগাঁও আসনের এমপি লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন মেম্বার।
৯ জুলাই ( বৃহস্পতিবার) দুপুরে তিনি ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও থাকার আশ্বাস দেন।
যুবনেতা কামাল হোসেন বলেন, টানা বৃষ্টিতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কর্মস্থলে যেতে না পারায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুর্যোগের এই সময়ে এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।