সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ
তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ভবনে এ্যাসোসিয়েশনের হলরুমে এ ভোট গ্রহণ শুরু হয়ে বেলা সাড়ে ১১টার মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে মাত্র ১ ভোটের ব্যবধানে এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলামকে পরাজিত করে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন উপ-পরিচালক তুহিন মাহমুদ। ৪৪ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিরাজ সিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবরক্ষণ কর্মকর্তা ওয়ালিদ মিয়া পেয়েছেন ৩৯ ভোট। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মুশফিকুর রহমান ও চৌধুরী মনিরুল হাসান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরাফাত খান ও এস এম মাহাবুবুল হাসান (কামাল)। এছাড়াও ফজলে আহমেদ (অর্থ), মোহাম্মদ আবুল কাশেম (প্রচার ও প্রকাশনা), মোঃ আতিকুর রহমান মুরাদ (দপ্তর) ও হাবিবুল্লাহ চৌধুরী (ক্রীড়া ও সংস্কৃতি) সম্পাদক পদে এবং তরিকুল ইসলাম, মাহাতাব উদ্দিন খান, মোঃ আশরাফুল ইসলাম, মশিউর রহমান ও মোঃ আরিফুল হক (সাগর) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের গণ-সংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম জানিয়েছেন, বশেমুরবিপ্রবি’র অফিসার্স এ্যাসোসিয়েশনের ১৫-সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ভোটার ছিল ৮৩ জন। নির্বাচনে শতভাগ ভোট পড়েছে বলেও জানান তিনি।