ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখার নির্বাহী সদস্য ও অ্যাডভোকেট আব্দুল বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “১১ দলীয় জোট যে বাংলাদেশ গড়ে তুলতে চায়, তা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।” তিনি স্থানীয় রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নবীনগরের মাটিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজের ঠাঁই হবে না। সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়।”
তিনি আরও বলেন, “আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ, মাদকসম্রাট বা টেন্ডারবাজের কাছ থেকে টাকা নিইনি। তাই তাদের কাছে দায়বদ্ধ নই। আমাদের সব জবাবদিহি হবে জনগণের আদালতে।”
পূর্ববর্তী নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি বলেন, “গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মৃত মানুষ এসে ভোট দিয়েছে। এর ফল জনগণ ৫ আগস্ট দিয়েছে। ৫০০–১০০০ টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন না, পাঁচ বছর দেশের মালিক হবেন—এ সিদ্ধান্ত আপনাদের।”
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আবারও ৫ আগস্টের মতো আন্দোলন নামবে। ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে তারা ভবিষ্যতে আমাদের সন্তানদের নিরাপত্তাও দেবে না।”
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, “কিছু মিডিয়া দীর্ঘদিন ধরে একটি দলের পক্ষে কাজ করেছে। আপনারা যদি নিরপেক্ষ না থাকেন, জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবেন। আপনারা আমার পক্ষে প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাইবেন।”
জনসভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মোবারক হোসাইন আকন্দ, জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার, এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক আবদুল্লা আল মাহমুদ, এনসিপি নেতা কবির মাসুদ, মাওলানা মতিউর রহমান গৌরনগরি, মুফতি মনিরুজ্জামান এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।