ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমেদ প্রাইভেট ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান (অস্ত্রোপচার) করার পর রাকিবা আক্তার (২২ ) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের দাবি অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করতে গিয়ে তাদের মেয়েকে মেরে ফেলেছে। এতে বিক্ষুব্ধ রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালায়।
এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত প্রসূতি রাকিবা আক্তার (২২) প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী, বাড়ি নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামে।
জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার পর প্রসব ব্যাথা উঠলে রাকিবা আক্তারকে নবীনগর উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তাঁর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং একটি পুত্র সন্তান প্রসব করে। অপারেশনের কিছুক্ষণ পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। নবজাতক ছেলে শিশুটি বর্তমানে স্বজনদের কাছে সুস্থ রয়েছে।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্টভাবে না জানিয়ে দ্রুত একটি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে অন্যত্র পাঠানোর উদ্যোগ নেয়। রাকিবার মা রেহেনা আক্তার বলেন, “মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলার সময় সন্দেহ হলে নিকট গিয়ে দেখি, তার কোনো শ্বাস-প্রশ্বাস নেই। তখনই বুঝতে পারি, অপারেশনের পরই তার মৃত্যু হয়েছে। আমার মেয়ে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। গর্ভবতীর মায়ের যে ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চেকআপ করা প্রয়োজন সবগুলো করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অদক্ষ ডাক্তার দ্বারা অপারেশন করিয়ে আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চাই।”
স্বজনদের আরও অভিযোগ, রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত সরে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে স্বজনরা রাতে ও সকালে দুই দফায় হাসপাতালে ভাঙচুর চালান। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হাসপাতালের মালিক ফরিদ উদ্দিন আহমেদকে তার মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি ।
তবে প্রতিষ্ঠানের শাহাদাত হোসেন নামে একজন কর্মচারী জানান, “এই ঘটনার পর রাতেও স্বজনরা হাসপাতালে হামলা চালায়। সকালে একজনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলছিল। এরই মধ্যে হঠাৎ মৃতের স্বজনরা হাসপাতালের ইসিজি রুম ও চিকিৎসকদের কক্ষসহ ব্যাপক ভাঙচুর চালায়।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কান্তি নাথ বলেন-“অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অভিযোগ অদক্ষ ডাক্তার ও কর্তৃপক্ষের অবহেলায় এই মৃত্যু ঘটে। হাসপাতাল পরিদর্শন করেছি। কর্তব্যরত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার পর তারা পলাতক রয়েছে।”