অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে বদলি করে পুলিশের এই গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। গত ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।
মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেছেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন আহমদ। পেশাগত জীবনে জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর-এ পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
খাগড়াছড়ির রামগড় উপজেলার সন্তান মোসলেহ উদ্দিন আহমদ এর ডিএমপিতে বদলির আদেশে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায়।