সৃজনশীল প্রতিযোগিতা বাড়ানোর ওপর জোর দিলেন শাহজাহান চৌধুরী এমপি
চট্টগ্রামের সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
শনিবার (২ মে) দুপুরে সাতকানিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার মো. শাহজাহান এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষিত, দক্ষ ও মেধাবী প্রজন্ম। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা, বিতর্ক, কুইজ, বিজ্ঞান মেলা ও অন্যান্য শিক্ষামূলক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ থাকলে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নিয়মিত শিক্ষামূলক প্রতিযোগিতার বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশ শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক, উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ইঞ্জিনিয়ার শামসুল আলম এবং আশ শেফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতা বিকাশে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।