কক্সবাজারের ঈদগাঁও থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট (এমসি) এখনো হাতে না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগকারী এক নারী মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অনলাইনে সাধারণ ডায়েরি করেন। বিধি অনুযায়ী তদন্তের পূর্বানুমতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয় এবং প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট হাসপাতালেও আবেদন পাঠানো হয়। আদালতের অনুমতি পাওয়া গেলেও মেডিকেল সার্টিফিকেট এখনো না পাওয়ায় তদন্ত প্রতিবেদন সম্পন্ন করা সম্ভব হয়নি।
তদন্তকারী কর্মকর্তা জানান, বিষয়টি অভিযোগকারীকে অবহিত করা হয়েছে এবং সরকারি প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
এদিকে, তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগকারী এর আগেও ঈদগাঁও থানার এসডিআর নং-৩৪/২৬, তারিখ ০৭ জানুয়ারি ২০২৬-এর একটি অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগে পারিবারিক বিরোধের জেরে তার স্বামীর বিদেশ থেকে দেশে ফেরা, আর্থিক লেনদেন এবং হুমকির বিষয় উল্লেখ করা হয়। অভিযোগ পাওয়ার পর থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির স্থানীয়ভাবে সমাধান করে। পরবর্তীতে অভিযোগকারীর স্বামীও দেশে ফিরে আসেন। ফলে ওই অভিযোগের তাৎক্ষণিক বিরোধের নিষ্পত্তি হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়।
সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, চলমান তদন্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তদন্ত কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে উপসংহারে না পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযোগকারী নারীর বিরুদ্ধে অতীতেও একাধিক ব্যক্তিকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এবং মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তাদের ভাষ্য, এসব ঘটনায় অনেকেই সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আদালতের চূড়ান্ত রায় পাওয়া যায়নি।