দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-মুঈন ত্রাণ তহবিল’-এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের চকরিয়া, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার দুর্গত পরিবারের মাঝে আজ (২৭ জুলাই, সোমবার) তৃতীয় দফায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ পর্যায়ে নির্বাচিত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় আলেম-উলামা, মসজিদের ইমাম-খতীব এবং স্থানীয় মাদরাসাসমূহের যিম্মাদারগণের সহযোগিতায় পূর্বেই ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকার ভিত্তিতেই পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হয়।
নিজেদের দুঃসময়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসার পক্ষ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগে সর্বস্ব হারানো মানুষের মুখে সামান্য স্বস্তির হাসি এবং তাঁদের আন্তরিক দুআ এ মানবিক উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।
আজকের ত্রাণ কার্যক্রম সম্পন্ন করে বিকেলে প্রতিনিধি দল দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ফিরে জামিয়ার মুহতামিম হযরত আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমী (দা.বা.) এবং শায়খুল হাদীস হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.)-এর নিকট সার্বিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন।
আজকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দারুল উলূম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতী জসীমুদ্দীন (হাফি.)। প্রতিনিধি দলে আরও ছিলেন উস্তাদ মাওলানা মুহাম্মদ (হাফি.), মাওলানা রাশেদুল ইসলাম (হাফি.), মাওলানা মুনির আহমদ, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা শফিউল আলম এবং মাওলানা মুনির আহমদ।
উল্লেখ্য, দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-মুঈন ত্রাণ তহবিল’ বন্যাদুর্গত মানুষের জন্য ধারাবাহিকভাবে ত্রাণ ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। আল্লাহ তা’আলার অশেষ অনুগ্রহ এবং দেশ-বিদেশের দানশীল মানুষের আন্তরিক সহযোগিতায় এ মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মুফতি জসিম উদ্দিন হাফিঃ বলেন- মহান আল্লাহ তা’আলার নিকট দুআ, তিনি যেন বন্যাদুর্গত সকল ভাই-বোনের কষ্ট দূর করে দেন, তাঁদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনেন এবং এ মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী সকল দাতা, শুভানুধ্যায়ী ও খিদমতকারীদের দান, শ্রম ও ইখলাস কবুল করে উত্তম প্রতিদান দান করেন।