কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ সীমান্ত ৮ নং ওয়ার্ডের বুক চিরে বয়ে গেছে ফুলছড়ি নদী। নদীর কোল ঘেঁষে রয়েছে ইউনিয়নের বঙ্গদিয়া বিল। গত কদিন ধরে বন্যার পানির তীব্র চাপে ভেঙ্গে গেছে বিলের ১শ মিটার পাউবো বেড়িবাঁধ। মারাত্মক হুমকির মুখে পড়েছে অর্ধ কিলোমিটার বেড়িবাঁধ। এ নিয়ে চরম দুঃচিন্তায় পড়েছেন বিলের ওপর নির্ভরশীল শতাধিক কৃষকরা।
সরেজমিনে সোমবার বিলের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়া, বাঁশকাটা, ফুলছড়ি গ্রামের প্রায় শতাধিক কৃষক বঙ্গদিয়া বিলে চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। সেখানে ২ মৌসুমে ধান চাষাবাদ হচ্ছে। টানা বৃষ্টিতে ফুলছড়ি নদীর পাড়ের বেড়িবাঁধ ভেঙে বিলে ডুকে পড়েছে লবনাক্ত পানি। এতে বিলের গরীব কৃষকেরা নিঃস্ব হয়ে গেছে। চরম আতঙ্কে সেখানকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
কৃষকদের অভিযোগ, ফুলছড়ি ছড়া খাল থেকে অপরিকল্পিতভাবে মাটি নেয়ায় বেড়িবাঁধ নড়বড়ে ও অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। বর্তমানে ভেঙ্গে যাওয়া অংশ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বন্ধ হয়ে গেছে ঔ বেড়িবাঁধ দিয়ে চলাচল। চরমভাবে বাধাগ্রস্ত হয়ে পড়েছে নদী প্রবাহের গতিধারা। জোয়ারের সময় প্রবল স্রোতের কারণে নদীর বিপরীত পাড়ে আকতার মেম্বার, বাহাদু, জাফর ও নুরুচ্ছফার চিংড়ি ঘের ক্ষতির মুখে পড়েছে। বর্তমানে বেড়িবাঁধে বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জিয়া উদ্দিন বাবলু, কালাসোনা, বদিউল আলম বকুল, আবদুল বারী, ফজলুল করিম, আমান উদ্দীন, মোস্তাক আহমদ, মাওলানা মনুর আলম, ছলিম উল্লাহ, নুরুল আবছারসহ শতাধিক কৃষক রয়েছেন।
ঐ বিলের কৃষক সাবেক মেম্বার আকতার আহমদ বলেন,সপ্তাহখানেক ধরে বেড়িবাঁধ ভাঙ্গন অবস্থায় রয়েছে। বর্তমানে অবস্থা আরও ভয়াবহ। নদীতে জোয়ারের চাপ বাড়লে— যেকোনো সময় বেড়িবাঁধ আরো বিশাল আকারে ভেঙে যেতে পারে। ঐ বিলে ১ শ একরের অধিক জমিতে ফসল হবে না। পানিতে তলিয়ে যেতে পারে আশপাশের এলাকা।
তিনি আরও বলেন, আগেও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। আমরা স্থানীয় কৃষকরা টাকা তুলে বেড়িবাঁধের সেই অংশটুকু সংস্কার করেছি। এই বিলটিতে ২ মৌসুমে ধান চাষ হয়। বেড়িবাঁধ রক্ষার জন্য বালুর বস্তা ফেলা হয়েছিল। তাতেও কোন লাভ হয়নি। বর্তমানে ভাঙন রোধে ড্রেজার দিয়ে কাজ করা হলে নদীর গতিপথ ও পাউবো বেড়িবাঁধ ভাঙন থেকে রোধ পাবে।
তিনি অভিযোগ করে বলেন, নদীর ওপারে যে চিংড়ি ঘের আছে। তারাও চরম আতংকে রয়েছে। যে কোন সময় পানির চাপে ভেসে যেতে পারে তাদের কোটি টাকার ব্যবসা।
একই বিলের কৃষক আমান উদ্দীন বলেন, আমি অনেক বছর ধরে এই বিলে চাষাবাদ করছি। নদীর পাড়ের বেড়িবাঁধের অবস্থা খুব খারাপ। আমার মতো বিলের শত শত কৃষক বাঁধটি নিয়ে আতঙ্কে রয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী বলেন, বেড়িবাঁধের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কাজ। এরপরও বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার বলেন, ভাঙ্গা বেড়িবাঁধটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।