হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন৷ গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টায়৷ জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার লোকজনের সাথে একই গ্রামের আমেরিকা প্রবাসী সাবেক মেম্বার কাপ্তান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিলো৷ এ ঘটনার সূত্রধরে গত ৮ জুন ২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ৪টায় আমেরিকা প্রবাসী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার চাচাতো ভাই বুদ্ধিপ্রতিবন্ধী নানু মিয়ার ঘরবাড়ীতে হামলা চালায়

যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার পক্ষের হারুন মিয়া সহ একদল উশৃংখল লোকজন৷ এতে আহত হন নানু মিয়া, তার স্ত্রী ডলি বেগম ও নবীগঞ্জ জন্তরী গ্রামের তার জামাতা সুহেল মিয়া সহ আরো অনেকেই৷ এ ঘটনায় নবীগঞ্জ থানায় নানু মিয়ার স্ত্রী ডলি বেগম বাদী হয়ে ১৩জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলাটি এফ,আই আর গণ্যে থানায় রুজু হওয়ায় আসামী পক্ষের লোকজন বিজ্ঞ আদালত হতে জামিনে এসে ক্ষিপ্ত হয়৷ এ ঘটনার সূত্রধরে ৯জুলাই বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিত অনুযায়ী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার লোকজনের ঘরবাড়ীতে হঠাৎ হামলার অভিযোগ উঠে৷ এনিয়ে উভয় পক্ষের লোকজন একপর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ অর্ধ শতাধিক লোকজন আহত হন৷ খবর পেয়ে এলাকার লোকজন উপস্থিত হয়ে ও তাদের আপ্রাণ প্রচেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এব্যাপারে ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষের লোকজন থানায় লিখিত অভিযোগ দেননি৷ অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে৷