নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে রাজু মিয়া (৩৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত রাজু মিয়া চরহোগলা গ্রামের আয়নাল হকের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি বিএনপির তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় মোতালেব প্রধানের ছেলে শাহাদাত প্রধান এবং তার সহযোগীরা জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয়রা জানান, শাহাদাত প্রধানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।