‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সদর-রামু-ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা ও বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রাসারন অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালক ড. বিমল কুমার প্রমানিক,উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিএনপি নেতা মোজাম্মেল হক, নুরুল আলম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সমৃদ্ধ হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় কৃষকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া গেলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুসংহত হবে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, সার ও চারা বিতরণ করা হয়।