ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উত্তরা ব্যাংক, কসবার গোপীনাথপুর শাখা ম্যানেজার আরিফুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার) এর উপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় নবীনগর পৌর সদরের আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও মো. ফরিদুল আলমের (সোশ্যাল ইসলামী ব্যাংক) এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের ম্যানেজার আশ্রাফুল হক ব্রাক ব্যাংকের ম্যানেজার মোঃ সুমন, ইসলামী ব্যাংক ম্যানেজার আবু নোমান কাউসার, রূপালী ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আব্দুল আলাউল হক প্রমূখ।
বক্তারা বলেন, গত ৬ জুলাই কসবার গোপীনাথপুর উত্তরা ব্যাংকে গ্রাহককে টাকা দিতে দেরি হওয়ায় উক্ত গ্রাহক ব্যাংকের ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) আরিফুল ইসলামের অতর্কিতভাবে হামলা করে। আহত আরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যুবরণ করেন।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত অপরাধীকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানায়। নতুবা নবীনগর ব্যাংকার্স ফোরাম কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।