চট্টগ্রামের হাটহাজারীতে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে নবনির্মিত ‘মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবন’ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দীন শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধক, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। আর এ চিন্তা মাথায় রেখে বর্তমান সরকার প্রধান তারেক রহমান, দেশজুড়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার জন্যও উদ্যোগ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে দেশকে উন্নত ও শিক্ষিত জাতি হিসেবে গড়ার লক্ষ্যে মানব উন্নয়নে কাজ করছেন। দীর্ঘ ১৭ বছর শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নস্ট করা হয়েছে বর্তমান সরকার সেটা পরিবর্তনে কাজ করছেন। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে।
নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন অবকাঠামোগত সুবিধা যুক্ত হলো। সেই সাথে অত্র বিদ্যালয়ের এসএসসি সম্মান পরীক্ষায় ১ম হওয়া এক শিক্ষার্থীকে তার পড়াশোনা আরও দক্ষ করার লক্ষ্যে তার আগামী এক বছরের শিক্ষা খরচ পুরুষ্কার হিসেবে প্রদান করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইসরাত নাজনীন নাছির, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম।