চট্টগ্রামের আনোয়ারায় বরুমচড়া হাজারী সড়কের বেহাল দশা কাটাতে চট্টগ্রাম১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নির্দেশে বিএনপি নেতা মো.ইউনুসের নিজস্ব অর্থায়নে বরুমচড়া হাজারী সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। ৩০ আগষ্ট রবিবার সকাল থেকেই সড়ক মেরামতের কাজ শুরু করেন তিনি। ঠিকাদাররা কাজের বিল না পাওয়ায় দীর্ঘদিন ধরে হাজারী সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী হাজারো মানুষ। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের দৃষ্টিগোচর হলে তিনি সাবেক বরুমচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ইউনুস চৌধুরীকে বিষয়টি দেখার নির্দেশ দেন। ফলে তিনি জরুরি ভিত্তিতে নিজস্ব অর্থায়নে সড়কের মেরামত কাজ শুরু করেন। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ৫ আগষ্টের পর বরুমচড়া হাজারী সড়কের এক কিলোমিটার কার্পেটিংয়ের বরাদ্দ হয়। প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে ঠিকদার মো.আমিন এই সড়কের কার্পেটিংয়ের দায়িত্ব পায়। পরে তিনি স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে সাব ঠিকাদার হিসেবে কাজটির দায়িত্ব দেন। সাব ঠিকাদারী নেওয়া বিএনপি নেতারা জানান, কাজের দায়িত্ব পাওয়ার পর আমরা সড়কের ৬৪ লক্ষ টাকার কাজ করেছি। এলজিইডি অফিস আমাদের বিল দিয়েছে মাত্র ৬ লক্ষ টাকা। এমনিতে ইরান যুদ্ধের কারণে বিটুমিনসহ সরঞ্জামের দাম বেড়েছে। সেখানে আমরা বিলও পাচ্ছিনা। এ অবস্থায় সড়কের কাজ বন্ধ করা ছাড়া উপায় নাই। জানা যায়, ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিটুমিনসহ সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারারা কাজ করতে অপারগতা প্রকাশ করায় চট্টগ্রামে এলজিইডির ১০৭ টি সড়কের টেন্ডার বাতিল করে জেলা এলজিইডি অফিস। এর মধ্যে হাজারী সড়কসহ আনোয়ারার সাতটি সড়ক টেন্ডার বাতিল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইউনুছ চৌধুরী মোহাম্মদ আনিছুর রহমান চৌধুরী, আহামদনুর, মোহাম্মদ আবুল কাসেম সাওদাগর, মোহাম্মদ সেন্টু, মোহাম্মদ কামাল মাষ্টার, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মনির প্রমুখ।
যুবদল নেতা আহমদ নুর বলেন, ঠিকাদাররা বিল না পাওয়ায় কাজ ফেলে রেখে চলে গেছেন। বৃষ্টিতে হাজারী সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় এমপি মহোদয়ের নির্দেশে মেরামত কাজ শুরু করা হয়েছে। এমপি মহোদয় বলেছেন, জনগণের ভোগান্তি আগে দুর করতে হবে। উপজেলা বিএনপি নেতা মো.ইউনুস চৌধুরী বলেন, হাজারী সড়কে সাধারণ মানুষের দুর্ভোগের কথা এমপি মহোদয়কে জানালে তিনি জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য আমাকে বলেন। ফলে আমি নিজস্ব অর্থায়নে হাজারী সড়কের মেরামতের কাজ করছি। আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম বলেন, আনয়ারার বরুমচড়া হাজারী সড়কসহ সাতটি সড়ক ঠিকাদাররা কাজ না করায় টেন্ডার বাতিল করা হয়েছে। শীঘ্রই এসব সড়কের নতুন করে টেন্ডার আহ্বান করা হবে।