কুমিল্লা সিটি স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত ও শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) নগরীর ২২নং ওয়ার্ডের উত্তর হিরাপুর কুমিল্লা সিটি স্কুল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। জে, আই চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. এম. জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রাসেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের কুমিল্লা জেলা প্রতিনিধি আবু সুফিয়ান। অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন কুমিল্লা সিটি স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কর্ণধার। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের মেধার এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রাণিত করবে। শিক্ষার মানোন্নয়নে কুমিল্লা সিটি স্কুলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
প্রধান বক্তা শহিদুল ইসলাম রাসেল তাঁর বক্তব্যে বলেন, “জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। শুধুমাত্র জিপিএ-৫ বা বৃত্তির পেছনে না ছুটে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টাই পারে একটি শিশুকে মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা, পুরস্কার ও নদগ অর্থ তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।