প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়- এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত শিশুদের মাঝে কিটস, এতিম শিশুদের মাঝে পোশাক, শিক্ষা উপকরণ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা পরিচালক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিভাগীয় উপ-পরিচালক মো. ওমর ফারুক, সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকার বন্যাদুর্গত ৪০ জন শিশুকে হাইজিন, বিনোদন কিটস, বিভিন্ন এতিমখানার ৯০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। চলাচলে অক্ষম ৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। প্রধান অতিথি মো. শহীদুল ইসলাম বলেছেন, সমাজসেবা বিভাগ অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি ও মমতার মেলবন্ধনে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।