চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী বাংলা বাজার এলাকায় বৈধ ভাড়া চুক্তিনামা বহাল থাকা সত্ত্বেও কোনো ধরনের আইনি নোটিশ ছাড়াই দোকান ও বসতঘর উচ্ছেদের অভিযোগ উঠেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিপূরণ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. নুরুল আলম।
বৃহস্পতিবার বিকেলে বায়েজিদ সাংবাদিক ফোরামের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নুরুল আলম জানান, ২০১২ সালের ১৮ অক্টোবর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে প্রতিনিধিত্বকারী সচিবের সঙ্গে বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ মৌজার আরএস দাগ নম্বর ২৪৫৮ (অংশ)-এর অন্তর্ভুক্ত ৮ দশমিক ৯৯৬ কাঠা ভূমি নিয়ে ২৫ বছরের জন্য একটি লিখিত ভাড়া চুক্তিনামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী তিনি নিয়মিত ভাড়া ও আনুষঙ্গিক বিল পরিশোধ করে আসছিলেন বলে দাবি করেন।
তার অভিযোগ, চুক্তির মেয়াদ বহাল থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর সিডিএর লোকজন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কোনো পূর্ব আইনি নোটিশ না দিয়েই তার দোকান ও বসতঘর উচ্ছেদ করে।
নুরুল আলম আরও অভিযোগ করেন, উচ্ছেদের সময় তার ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চুক্তি বহাল থাকা অবস্থায় আইনগত কোনো নোটিশ ছাড়া এভাবে উচ্ছেদ করা সম্পূর্ণ বেআইনি। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আর্থিক ও মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছি।”
অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া, ক্ষতিপূরণ আদায় এবং উচ্ছেদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে নুরুল আলমের স্ত্রী নাজমা বেগম, ছেলে নুর হোসেন মেরাজ, মেয়ে মেহেরুনেচ্ছা মিমসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।