মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম ও বাজারের তিনটি গুদামে অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীর নামে থানায় মামলা দায়ের হয়েছে।
অভিযুক্তরা হচ্ছেন, উপজেলার আমলসার পূর্বপাড়ার বদিয়ার রহমানের ছেলে শহিদ জোয়ার্দার এবং প্রয়াত তোফায়েল জোয়ার্দারের ছেলে নবাব জোয়ার্দার।
শনিবার রাতে গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শহিদ জোয়ার্দারের বাড়ি এবং নবাব জোয়ারদারের গুদাম থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে ২৬৭ বস্তা ডিএপি ও ৬১ বস্তা এমওপি সার রয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অধিক মুনাফার আশায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মজুতকৃত সার উদ্ধার করা হলেও গুদাম মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া বলেন, অবৈধভাবে সার মজুতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া অভিযুক্তদের অবৈধ মজুদ থেকে উদ্ধার করা ৩২৮ বস্তা সার বর্তমানে থানা রাখা হয়েছে।