শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের চারবারের জনপ্রিয় সংসদ সদস্য ও জননেতা মোঃ মাহমুদুল হক রুবেল। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর সদরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।