মেঘনা নদীতে মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করলেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতদের মধ্যে জমজ দুই ভাইও রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
তিনি বলেন, ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের প্রাণহানির ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, নদীতে ড্রেজিং কার্যক্রম ও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন।
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “কথা দুইটা-মেঘনা নদীর অবৈধ ড্রেজিং বন্ধ করতে হবে এবং এই মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার করতে হবে।”
তিনি বলেন, নদীতে ড্রেজিং, বাল্কহেড চলাচল কিংবা অন্যান্য কার্যক্রমের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রোববার দুপুরে চার বন্ধু ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানি থেকে উঠে এলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, শিক্ষার্থীরা বাল্কহেডের কাছে গোসল করছিল এবং বাল্কহেডের ইঞ্জিন চালু করে পেছনের দিকে যাওয়ার সময় পাখার সঙ্গে ধাক্কার ঘটনায় তারা পানিতে তলিয়ে থাকতে পারে—তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া প্রয়োজন।
ড. ইকবাল হোসাইন ভূঁইয়া নিহত তিন শিক্ষার্থীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে মেঘনা নদীতে ঝুঁকিপূর্ণ ও অনিয়ন্ত্রিত ড্রেজিং এবং নৌযান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।