চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া দেওয়ানহাট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানে গিয়ে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জনের অধিক আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় হাশিমপুর ছৈয়দাবাদের জরিনা আকতার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বাদী জরিনা আকতার চন্দনাইশের গ্রুপ নিয়ে সাতবাড়িয়া দেওয়ানহাট সংলগ্ন কমিউনিটি সেন্টারে বিবাহ্ অনুষ্ঠান থেকে তাদের বকশিস নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসার সাথে সাথে প্রতিপক্ষরা গাছের টুকরা, ইট নিয়ে হামলা চালায়। এই সময় উভয় পক্ষের মধ্যে হাশিমপুরের পারভিন আকতার (২১), গাড়ি চালক মো. আনিস (১৯), মো. জামাল (২৫), রুজিনা আকতার (২৩)‘সহ ৪ জনের অধিক আহত হয়। আহতদের মধ্যে আনিস ও জামালকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে জরিনা আকতার বাদী হয়ে ৪ জানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন, ইন্সপেক্টর (তদন্ত) লিটন মিয়া।