ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর তীরবর্তী বসতভিটা, কৃষিজমি ও ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে নবীনগর উপজেলা প্রশাসন সোমবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, অবৈধ ড্রেজিং বন্ধ হওয়ায় টিয়ারা গ্রামের ঘরবাড়ি, কৃষিজমি ও নদীর তীর রক্ষায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।