‘মাদককে না বলুন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে শ্রীরামপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালিটি শিবির মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী আলোচনা সভা।
শ্রীরামপুর ইউনিয়ন যুবদল নেতা জাকিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ভূইয়া সুমন।
র্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা মাদকের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব একটি পরিবার থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত সভা, র্যালি ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বাওন জানান তারা।