নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (NGA),ঢাকার আহবায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবু তালেব
এক বিজ্ঞপ্তিতে জানিয়ছেন যে, নাঙ্গলকোটের অধিবাসী যে সব ব্যক্তিগণ উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জনপদে ও বিদেশের বিভিন্ন স্হানে বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এনে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, মানবিক ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে নাঙ্গলকোটকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে গঠিত “নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (NGA)”-এর অভিষেক, সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (BARD)-এ অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নাঙ্গলকোটের অধিবাসী ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জনকারী ব্যক্তিবর্গ,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
নাঙ্গলকোটের মেধাবী ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতা বৃদ্ধি এবং নিজ এলাকার উন্নয়নে তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর উদ্দেশ্যে “নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন” প্রতিষ্ঠা করা হয়েছে।
সংগঠনটি নাঙ্গলকোটের শিক্ষার মানোন্নয়ন ও মানবসম্পদ উন্নয়ন, যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কল্যাণ, স্বাস্থ্য ও মানবিক কার্যক্রম এবং এলাকার ইতিবাচক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।
অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং নাঙ্গলকোটের উন্নয়নে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ নিয়ে আলোচনা হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকরা জানান, নাঙ্গলকোটের বিভিন্ন প্রান্তে এবং দেশে-বিদেশে অবস্থানরত উচ্চশিক্ষিত ব্যক্তিদের পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলাই নাংগলকোট গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের অন্যতম লক্ষ্য। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে শিক্ষা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও এলাকার উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হচ্ছে।