শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত অবস্থার উন্নয়ন এবং জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালির পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকতা কেবল জীবিকা নির্বাহের একটি পেশা নয়, বরং মানুষ গড়ার এক মহান ব্রত। একজন শিক্ষক শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করেন।
শিক্ষকরা তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শ দিয়ে গড়ে তোলেন আগামী দিনের নাগরিক; বিনির্মাণ করেন দেশ ও জাতির ভবিষ্যৎ।
এসময় উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।